মুল্লানপুর: আইপিএল শেষ হতে না হতেই আন্তর্জাতিক ক্রিকেটের ঢাকে কাঠি। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে নামবে ভারত। তারজন্য মঙ্গলবার মুল্লানপুরে পৌঁছে গেলেন লোকেশ রাহুলরা। এলেন সাপোর্ট স্টাফরাও। দুপুরে কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে প্র্যাকটিসেও নেমে পড়লেন ঋষভ পন্থ, রাহুলরা। তবে ক্যাপ্টেন শুভমান গিল আসেননি। বুধবার পৌঁছাবেন তিনি।
আসলে যে ক্রিকেটাররা আইপিএলের প্লে-অফে খেলেছেন, তাঁরা কার্যত বিশ্রামের জন্য কোনো সময়ই পাননি। গুজরাত টাইটান্সের যেমন গিল ছাড়াও টেস্ট স্কোয়াডে আছেন সাই সুদর্শন, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, মানব সুথার ও গুরনুর ব্রার। মুশকিল হল, আইপিএল ফাইনালের পর মাঝরাতে বাসবিভ্রাটের কারণে হোটেলে ফিরতে দেরি হয় গিলদের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেবদত্ত পাদিক্কালও খেলেছেন ফাইনালে। সুন্দর ও সিরাজ আবার ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী স্কোয়াডেও ছিলেন। কার্যত ফেব্রুয়ারি থেকে লাগাতার ম্যাচের মধ্যেই রয়েছেন তাঁরা। ক্লান্ত থাকাই স্বাভাবিক।
সেজন্যই ৬জন বোলারকে ভারতীয় দলের নেটে ডাকা হয়েছে। এঁদের মধ্যে আছেন জম্মু ও কাশ্মীরের সিমার আকিব নবিও। আফগানদের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে তাঁর না থাকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান দিলীপ বেঙ্গসরকর প্রশ্ন তোলেন, রনজি ট্রফির গুরুত্ব নিয়েই। এই আসরের পারফরম্যান্স কি টেস্ট দলে আসার মাপকাঠি নয়, জানতে চান তিনি। অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচকমণ্ডলী সেই ভুল শুধরে নেওয়ার জন্যই নবিকে ডেকেছেন বলে মনে করা হচ্ছে। তবে তিনি স্কোয়াডে নেই। নবি শুধুই নেট বোলার। অবশ্য স্কোয়াডে থাকা তিন পেসারের মধ্যে কেউ কোনো কারণে ছিটকে গেলে দলে অন্তর্ভুক্ত হবেন তিনি। এছাড়া নেট বোলার হিসাবে মঙ্গলবার দেখা গেল প্রিন্স যাদব, গুরজাপনিত সিং, সারাংশ জৈন, জিশান আনসারি ও শিবাঙ্গ কুমারকে। এরমধ্যে স্পিনার তিনজন। তাঁরা হলেন বাঁ-হাতি রিস্ট স্পিনার শিবাঙ্গ, লেগ স্পিনার জিশান ও অফস্পিনার সারাংশ। আফগানিস্তান বেশি স্পিনার খেলাতে পেরে ভেবেই প্রস্তুতি নিচ্ছে হোম টিম। পেসার হিসেবে নবির সঙ্গে আছেন প্রিন্স যাদব ও বাঁ-হাতি গুরজাপনিত সিং। যেহেতু সিরাজ ও প্রসিদ্ধ গত সপ্তাহে প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালে খেলেছেন, তাই নেটে তাঁদের খুব বেশি বল করাতে চাইছে না টিম ইন্ডিয়া। ফলে ব্যাটারদের যথাযথ প্র্যাকটিসে যাতে ঘাটতি না হয়, সেজন্যই নেট বোলারদের ডাকা। এদিনই আবার জাতীয় দলের স্পিন বোলিং কোচ নিযুক্ত হলেন সাইরাজ বাহুতুলে।
এদিকে, সেপ্টেম্বরে নিজেদের দেশেই আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত। তিন ম্যাচের সেই টি-২০ সিরিজের আয়োজক আফগান ক্রিকেট বোর্ড। অতীতে কখনও তারা ভারতের বিরুদ্ধে কোনও সিরিজের আয়োজক হয়নি। রাজনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তানে গিয়ে খেলাও সম্ভব নয় টিম ইন্ডিয়ার। সেজন্যই নয়াদিল্লিতে ভারতের বিরুদ্ধে হোম সিরিজে অংশ নেবে আফগানরা।