Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিভিন্ন পুর-বাজারে অকেজো হয়ে পড়ে রয়েছে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন

চালু হয়েছিল ঘটা করে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই অকেজো হয়ে পড়ে রয়েছে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন। প্লাস্টিকের ব্যাগের জায়গায় কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে এই ধরনের ভেন্ডিং মেশিন চালু করা হয়েছিল শহরের বিভিন্ন পুর-বাজারে।

বিভিন্ন পুর-বাজারে অকেজো হয়ে পড়ে রয়েছে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চালু হয়েছিল ঘটা করে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই অকেজো হয়ে পড়ে রয়েছে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন। প্লাস্টিকের ব্যাগের জায়গায় কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়াতে এই ধরনের ভেন্ডিং মেশিন চালু করা হয়েছিল শহরের বিভিন্ন পুর-বাজারে। বর্তমানে সেগুলির বেহাল দশা। বেশিরভাগই বন্ধ হয়ে পড়ে আছে বলে দাবি বাজারের ক্রেতা-বিক্রেতাদের।

Advertisement

বছরখানেক আগে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা পুরসভার বেশ কয়েকটি বাজারে কাপড়ের ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হয়। পুরসভা সূত্রে খবর, সব মিলিয়ে ১০-১২টি মেশিন বসানো হয়েছিল। হগ মার্কেট, নিউ মার্কেটের নতুন বিল্ডিং, গড়িয়াহাট বাজার, এন্টালি মার্কেট, কাঁকুড়গাছি মার্কেটসহ কয়েকটি পুর-বাজারে কাপড়ের ব্যাগের এই বিক্রয় যন্ত্র চালু হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার বন্ধ বা নিয়ন্ত্রণ করা। প্রথম কয়েক মাস ভালোই চলছিল। ১০ টাকার কয়েন দিলে ওই ভেন্ডিং মেশিন থেকে বেরিয়ে আসছিল কাপড়ের ব্যাগ। প্রয়োজনে কিউআর কোড স্ক্যান করে ইউপিআইয়ের মাধ্যমে ১০ টাকা দিয়ে কাপড়ের ব্যাগ পাওয়া যেত। কিন্তু এখন নিউ মার্কেটে গিয়ে দেখা গেল, তিনটি ভেন্ডিং মেশিনের একটিও কাজ করে না। যন্ত্রের গায়ে ধুলো জমেছে, ঝুল পড়েছে, পানের পিক ভরতি। আশপাশের ব্যবসায়ীদের জিজ্ঞাসা করে জানা গেল, গত কয়েক মাস ধরে এই মেশিন বন্ধ হয়ে পড়ে রয়েছে। নিউ মার্কেটের পুরানো ভবন, যেখানে পুরসভার অফিস রয়েছে, তার কাছেই রয়েছে একটি ভেন্ডিং মেশিন। সেই পথ দেখিয়ে দিয়ে কাপড়ের দোকানের মালিক খালেদ জামিল বলেন, ‘প্রথমদিকে খুব ভালোই চলছিল। অনেকে ব্যবহার করছিল। এখন আর চলে না  তারপর ভোট চলে এল। পুরসভার মার্কেট বিভাগ থেকে কেউ এগুলো দেখতে আসেনি। রক্ষণাবেক্ষণ হয় না।’ নিউ মার্কেটের বিখ্যাত কেকের দোকানে আসা এক ক্রেতা বলেন, ‘আমি আগে একবার এই মেশিন থেকে কাপড়ের ব্যাগ নিয়েছিলাম। এখন এসে দেখছি, বন্ধ হয়ে পড়ে আছে।’ 
নিউ মার্কেটের মাছ-মাংস-ডিমের বাজার থেকে শুরু করে কাঁকুড়গাছি মার্কেট—সর্বত্র ফিরে এসেছে প্লাস্টিক ব্যাগের রমরমা। যদিও পুরসভার মার্কেট বিভাগের দাবি, প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে নিয়মিত প্রচার চালানো হচ্ছে। এক আধিকারিক বলেন, ‘কোথায় কোথায় ভেন্ডিং মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে, খোঁজ করে দেখা হবে। সুযোগ থাকলে মেরামতের ব্যবস্থা হবে। বাজারগুলি পুরোপুরি প্লাস্টিকমুক্ত করতে ভবিষ্যতে আরও এই ধরনের ভেন্ডিং মেশিন বসানো হতে পারে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ