Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আবার বাড়ল ডিমের দাম, ১৬ টাকা জোড়া কিনতে নাভিশ্বাস

একে গরমে ডিমের আকার ছোটো হয়ে যায়। তার উপর চড়চড় করে বাড়ছে দাম। ক’দিন আগেই বেড়ে হয়েছিল সাড়ে সাত টাকা।

আবার বাড়ল ডিমের দাম, ১৬ টাকা জোড়া কিনতে নাভিশ্বাস
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: একে গরমে ডিমের আকার ছোটো হয়ে যায়। তার উপর চড়চড় করে বাড়ছে দাম। ক’দিন আগেই বেড়ে হয়েছিল সাড়ে সাত টাকা। এবার আবার বাড়ল। হয়েছে আট টাকা। ১৬ টাকা জোড়া। তবে হু হু করে দাম বাড়ছে বলে আমজনতা কপালে যতই করাঘাত করুক, যাঁরা ডিম ছুড়ে সমাজ পালটে দিতে চাইছেন তাঁদের খুব একটা যায় আসছে না। রাজ্যজুড়ে ডিম ছোড়া চলছেই।

Advertisement

রাজ্যে পালাবদলের পরই রাজ্যজুড়ে শুরু হয়েছে ডিম থেরাপি। বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। ফলে ডিমের চাহিদা বেড়েছে। আর লাফিয়ে বাড়ছে দাম। তবে দাম বাড়ার এটি একটি কারণ। আরও কয়েকটি কারণ অবশ্য আছে। তবে ছোড়ার কাজে যে অপচয় চলছে সেটিও দাম বৃদ্ধির অন্যতম কারণ বলছেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, সাধারণত এ সময় বাজারে ডিমের দাম পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে ঘোরাফেরা করে। তবে এখন দাম আট টাকা। বিক্রি বেশি হচ্ছে বলে আড়তারদের কাছে ডিম কম মজুদ থাকছে। চাহিদার তুলনায় কমছে জোগান। বাগনানের এক ডিম বিক্রেতার বক্তব্য, দিন পনেরোর মধ্যে দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। 
নেতাদের ডিম থেরাপি দেওয়া নিয়ে ইতিমধ্যেই জনমানসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে বলছেন অপচয় হচ্ছে। এইভাবে ডিম ছুড়ে নষ্ট করার ফলে চাহিদা বাড়ছে। ফলে দামও বৃদ্ধি পাচ্ছে। সমস্যয় পড়ছে সাধারণ মানুষ। আর ছোড়ার পক্ষে যাঁরা তাঁরা বলছেন, ভালোই হচ্ছে। নয়া প্রতিবাদ দেখতে পাচ্ছে রাজ্যবাসী। এর মাঝে যাঁরা রয়েছেন, অর্থাৎ মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা পড়েছেন সমস্যায়। প্রোটিনের অন্যতম উৎস ডিম খেতেও যদি পকেট ফাঁকা হয়ে যায় তাহলে মানুষ খাবে কী? প্রতিবাদ ধুয়ে খেলে তো আর প্রোটিনের প্রয়োজন মেটে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ