Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে বৃদ্ধার ফ্ল্যাট দখল, মারের সঙ্গে ডিম থেরাপির শিকার এবার বিজেপি নেতা

‘এই ডিম ছুড়ে যাঁরা পয়সা নষ্ট করছেন, তাঁদের একটু চৈতন্যের উদয় হোক। ডিম ঘুরে আসতে পারে তাঁদেরই উপর।’ তৃণমূল নেতাদের উপর ডিম থেরাপি প্রসঙ্গে কিছুদিন আগেই এই ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

নিউটাউনে বৃদ্ধার ফ্ল্যাট দখল, মারের সঙ্গে ডিম থেরাপির শিকার এবার বিজেপি নেতা
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘এই ডিম ছুড়ে যাঁরা পয়সা নষ্ট করছেন, তাঁদের একটু চৈতন্যের উদয় হোক। ডিম ঘুরে আসতে পারে তাঁদেরই উপর।’ তৃণমূল নেতাদের উপর ডিম থেরাপি প্রসঙ্গে কিছুদিন আগেই এই ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নতুন সরকারের দু’মাসের মধ্যেই সেই বাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। নিউটাউনের অভিজাত আবাসনে বৃদ্ধার ফ্ল্যাট দখল করে থাকা এবং তোলাবাজির অভিযোগে ডিম থেরাপির শিকার হলেন বিজেপিরই নেতা! ক্ষুব্ধ জনতা ডিম ছোড়ার পাশাপাশি, নেতার গালে কষিয়ে চড়-থাপ্পড় দেন। গ্রেপ্তারও হয়েছেন ওই অভিযুক্ত নেতা।

Advertisement

ধৃতের নাম বরুণ বিশ্বাস। বড়ো পদে না থাকলেও নিউটাউনের একজন সক্রিয় বিজেপি নেতা নামেই তিনি পরিচিত। পুজো সহ বিভিন্ন কর্মকাণ্ড ‘নিয়ন্ত্রণ’ করতেন। গত ১১ জুলাই বরুণের বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন সল্টলেক এফডি ব্লকের ৮৩ বছরের বৃদ্ধা অনিতা বন্দ্যোপাধ্যায়। অনিতাদেবী নিউটাউনের ডিএলএফ-১ এর কাছে অভিজাত আবাসনে একটি ফ্ল্যাট কিনেছিলেন। ফ্ল্যাটটি বরুণ বিশ্বাসকে তিনি ভাড়ায় দিয়েছিলেন। বৃদ্ধার অভিযোগ, ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পর তিনি ফ্ল্যাট খালি করার নোটিস দিলেও অভিযুক্ত তাতে কান দেননি। স্ত্রী গর্ভবতী বলে ৫ বছর সময় চেয়েছিলেন! ২০১৯ সালের মার্চ মাস থেকে ভাড়া দেওয়াও বন্ধ করে দিয়েছেন। ওই সময় থেকে প্রায় ১৬ লক্ষ টাকা ভাড়া বকেয়া রয়েছে। উলটে, ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ বাবদ ৩ লক্ষ টাকার বেশি বকেয়া জমেছে বৃদ্ধার। বিষয়টি নিয়ে বারাসত আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন অনিতাদেবী।
গত ১১ জুলাই ছেলেকে নিয়ে নিউটাউনের ফ্ল্যাটে যান অনিতাদেবী। বরুণকে ফ্ল্যাট খালি করার অনুরোধ করেন। এবং বকেয়া ভাড়া মেটাতে বলেন। অভিযোগ, বরুণ তাঁদেরই প্রাণনাশের হুমকি দেন। বলেন, সল্টলেকের বাড়িতে গিয়ে মারব। অনিতাদেবীর দাবি, চমকানোর পর বরুণ বলেন, ‘মামলা তুলে নিন। ফ্ল্যাটও লিখে দেন। সেই সঙ্গে আরও ৫০ লক্ষ টাকা চায়।’ নিরাপত্তার অভাববোধ করেই পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধা। পুলিশ বরুণ বিশ্বাসের বিরুদ্ধে বিএনএস ৩০৮(৪) ধারায় তোলাবাজি এবং ৩৫১(৩) ধারায় গুরুতর অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে মামলা রুজু করে।
বৃহস্পতিবার রাতে নিউটাউন থানার পুলিশ ওই ফ্ল্যাটে যায়। বরুণ চেয়ারে বসে বসে বলেন, এখন যাব না। আমাকে এক ঘণ্টা সময় দিতে হবে। পুলিশ অনেক অনুরোধ করে। তারপরও থানায় না যাওয়ায় তাঁর হাত ধরে বাইরে নিয়ে যায়। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময়ই একদল বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ব্যাপক ডিম ছোড়ে। চড়-থাপ্পড় দিয়ে চোর চোর বলে স্লোগানও দেয়। গ্রেপ্তারি প্রসঙ্গে রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া বলেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের সরকার চলছে। কোনো ধরনের অন্যায়, অপরাধ বরদাস্ত করা হবে না। বরুণ আমাদের দলের লোক ঠিকই। পুলিশ আইনি অনুযায়ী পদক্ষেপ নিয়েছে।’ উল্লেখযোগ্য বিষয় হল, শুক্রবারও শমীকবাবু বিধানসভায় বলেছেন, ‘আমি ডিম থেরাপি গ্রহণ করতে অভ্যস্ত নই। আমার মাথায় ডিম পড়ুক এটা আমি চাইব না। কর্মীদেরও তাই বলছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ