Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আজ প্রথম ওডিআই, রোহিত-কোহলি জুটিতেই নজর

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর ছয়টি টি-২০ ম্যাচ হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এমন কলঙ্ক ও লজ্জার আবহের মধ্যেই মঙ্গলবার শুরু তিন ম্যাচের ওডিআই সিরিজ।

আজ প্রথম ওডিআই, রোহিত-কোহলি জুটিতেই নজর
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহ্যাম: আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর ছয়টি টি-২০ ম্যাচ হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এমন কলঙ্ক ও লজ্জার আবহের মধ্যেই মঙ্গলবার শুরু তিন ম্যাচের ওডিআই সিরিজ। হ্যারি ব্রুকদের বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির অন্তর্ভুক্তি ভরসা জোগাচ্ছে শিবিরকে। শুধু ‘রো-কো’ জুটির প্রত্যাবর্তনই নয়, শুভমান গিল ব্রিগেডে দেখা যাবে লোকেশ রাহুল এবং যশপ্রীত বুমরাহকেও। কোনো সন্দেহ নেই, কুড়ি ওভারের ফরম্যাটের তুলনায় পঞ্চাশ ওভারের ঘরানায় অনেকে বেশি ওজনদার দেখাচ্ছে টিম ইন্ডিয়াকে।

Advertisement

সোমবার অনুশীলনের ফাঁকে ক্যাপ্টেন গিলের সঙ্গে লম্বা আলোচনা করতে দেখা যায় কোহলিকে। এই প্রসঙ্গে শুভমান প্রচারমাধ্যমকে বলেছেন, ‘২০২৭ ওডিআই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন কম্বিনেশনে এগনো উচিত তা নিয়েই কোহলি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। কোন বোলার, কোন অলরাউন্ডার, কোন স্পিনার আমাদের কাজে আসবে বেশি— সেটাই ছিল আলোচ্য বিষয়।’ ক্যাপ্টেনের বক্তব্যেই স্পষ্ট, কাপযুদ্ধের পরিপ্রেক্ষিতে ভিকে’র মতামত বাড়তি গুরুত্ব পাচ্ছে। ভারতের প্রধান সমস্যা হল হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে উপযুক্ত অলরাউন্ডার নির্বাচন। অক্ষর প্যাটেল, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দররা খুব একটা ভরসা জোগাতে পারছেন না। কিন্তু স্কোয়াডে অলরাউন্ডার বলতে এই ত্রয়ীই। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে ফিরছেন কুলদীপ যাদব। তাঁর ফর্মে থাকা অত্যন্ত জরুরি। পেস বিভাগে বুমরাহর সঙ্গী অর্শদীপ সিং। তৃতীয় পেসার হিসেবে খেলবেন প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরনুর ব্রার মধ্যে একজন। মুশকিল হল, পেসারদের কেউই ব্যাট হাতে চলনসই নন।
 খেলা শুরু বিকেল ৩-৩০ মিনিটে। সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ