Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রমদপ্তরে বৈঠক, আরও ৩টি জুট মিল খোলার সিদ্ধান্ত

ইতিমধ্যে তিনটি জুট মিল পুনরায় খোলার সিদ্ধান্ত হয়েছে। খুলতে চলেছে আরও তিনটি জুট মিল।

শ্রমদপ্তরে বৈঠক, আরও ৩টি জুট মিল খোলার সিদ্ধান্ত
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ইতিমধ্যে তিনটি জুট মিল পুনরায় খোলার সিদ্ধান্ত হয়েছে। খুলতে চলেছে আরও তিনটি জুট মিল। বরানগর জুট মিল, জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ এবং এমকো। শ্রমমন্ত্রী অর্জুন সিংহের প্রতিশ্রুতি মতো ১০ জুলাইয়ের মধ্যে রাজ্যের বন্ধ থাকা সব ক’টি জুট মিল খুলে যাবে বলে মনে করছে অভিজ্ঞ মহল। মোট ১৮টি জুট মিল বন্ধ ছিল। এই নিয়ে ছ’টি মিল খোলার সিদ্ধান্ত হল।

Advertisement

মঙ্গলবার বিকেলে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিতিতে বন্ধ থাকা বরানগর জুট মিল, জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ এবং এমকো জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদা ভাবে বৈঠক হয়। ত্রিপাক্ষিক ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, অতিরিক্ত শ্রম কমিশনার রজত পাল এবং বারাকপুরের ডেপুটি শ্রম কমিশনার মনোজ সাহা ও সহকারী শ্রম কমিশনার হৃত্বিক মুখোপাধ্যায়। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়, তিনটি জুট মিলই আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে যাবে। এই মর্মে মিল কর্তৃপক্ষ বুধবার নোটিস জারি করবে। প্রথমে মেইনটেনেন্স চালু হবে। তারপর পর্যায়ক্রমে উৎপাদন শুরু হবে। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে একের পর এক জুট মিল খুলে যাওয়ায় হাজার হাজার শ্রমিক তাঁদের কাজ ফিরে পাচ্ছেন। এই তিনটি মিলের প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক কাজ ফিরে পেতে চলেছেন বলে খবর। খুশি শ্রমিক পরিবারগুলি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ