Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরির স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরিঘাট পরিদর্শন করে দ্রুত পদক্ষেপের আশ্বাস বিধায়ক ও সভাধিপতির

খেজুরির বিধায়ক সুব্রত পাইক ও সভাধিপতি বামদেব গুচ্ছাইত স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন। বিস্তারিত পড়ুন।

খেজুরির স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরিঘাট পরিদর্শন করে দ্রুত পদক্ষেপের আশ্বাস বিধায়ক ও সভাধিপতির
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: রবিবার খেজুরির বিধায়ক সুব্রত পাইক ও জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচ্ছাইত সহ জনপ্রতিনিধিরা এলাকার স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, নদীবাঁধ, ফেরিঘাট পরিদর্শন করলেন। দিলেন দ্রুত পদক্ষেপের আশ্বাস। এদিন শিলাবেড়িয়ায় খেজুরি-২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন বিধায়ক এবং সভাধিপতি। তাঁরা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। শিলাবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রের উপর খেজুরির বিস্তীর্ণ এলাকার মানুষ নির্ভরশীল। এখানে পর্যাপ্ত চিকিৎসক-নার্স নেই। শৌচালয় ব্যবস্থাপনা খুবই খারাপ। সুইপার নেই। নির্দিষ্ট গেট নেই। আরও বেশকিছু পরিকাঠামোর অভাব রয়েছে। সবকিছু খতিয়ে দেখেন জনপ্রতিনিধিরা। আগামী দিনে স্বাস্থ্যকেন্দ্রের সামগ্রিক উন্নয়নে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন বিধায়ক। তিনি বলেন, যা যা সমস্যা রয়েছে, তা নিরসনে একটি প্রকল্প তৈরি করে স্বাস্থ্যদপ্তরের কাছে পাঠানো হবে। 

Advertisement

এরপর হিজলি গোপীচক হাইস্কুলে গিয়ে পরিকাঠামো খতিয়ে দেখেন জনপ্রতিনিধিরা। স্কুলে বেশকিছু পরিকাঠামোর অভাব রয়েছে। সেব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন। পরে তাঁরা যান নিজকসবার হিজলি মসনদ-ই-আলার মাজার ও পর্যটন কেন্দ্র এলাকায়। বঙ্গোপসাগর ও রসুলপুর নদীর উপকূলে অবস্থিত এই মাজার সংলগ্ন এলাকার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। এটি খেজুরির একমাত্র স্বীকৃত পর্যটন কেন্দ্র। এরপর খেজুরিতে অবস্থিত দেশের প্রথম পোস্টঅফিসও পরিদর্শন করেন জনপ্রতিনিধিরা। হেরিটেজ তকমাপ্রাপ্ত পোস্টঅফিসটি সংস্কারের অভাবে ভগ্নদশা হয়ে গিয়েছে। সংস্কার ও সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ হয়নি। মসনদ-ই-আলার মাজার, পোস্টঅফিস সহ খেজুরির অন্যান্য ঐতিহাসিক নিদর্শন ঘিরে পরিকল্পিত পর্যটন সার্কিট গড়ার দাবি দীর্ঘদিনের। সামগ্রিকভাবে একটি খসড়া প্রস্তাব তৈরি করে পর্যটন দপ্তর ও জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে বলে স্থির হয়। হিজলিতে নিজকসবা-পেটুয়াঘাট(কাঁথি) ফেরিঘাটের সামগ্রিক পরিস্থিতি পরিদর্শন করেন জনপ্রতিনিধিরা। ফেরিঘাটে একমাত্র ভেসেলটি বেহাল অবস্থা। পরে তাঁরা যান খেজুরির কাদিরাবাদচরে। কাদিরাবাদচর এলাকায় বঙ্গোপসাগর ও হুগলি নদীর মোহনায় ভাঙন ক্রমশই বাড়ছে। পাড় ভাঙতে ভাঙতে ক্রমশ পার্শ্ববর্তী রাস্তাঘাট, জমিজমাকে গ্রাস করছে। আগামী কোটালে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। জনপ্রতিনিধিরা ভাঙন পরিস্থিতি পরিদর্শনের পর দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দেন।  হিজলি পর্যটন কেন্দ্র পরিদর্শনে বিধায়ক সুব্রত পাইক ও জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচ্ছাইত।

Advertisement
সম্পর্কিত সংবাদ