Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬

প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বই নগরী, জারি লাল সতর্কতা

ভয়াবহ বৃষ্টির কবলে মুম্বইবাসী। গতকাল সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি চলছে মুম্বইতে

প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বই নগরী, জারি লাল সতর্কতা
  • ২ জুলাই, ২০২৬ ১৫:৩০
Prefer us on Google

মুম্বই, ২ জুলাই: ভয়াবহ বৃষ্টির কবলে মুম্বইবাসী। গতকাল সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি চলছে মুম্বইতে। বৃষ্টির এই তীব্রতা দেখে বিশেষজ্ঞরা একে মেঘভাঙা বৃষ্টির সঙ্গে তুলনা করছেন। কিন্তু তা এখনও নিশ্চিত করেনি আবওহাওয়া দপ্তর। অনেক দিন পরে মুম্বইতে বৃষ্টির এই ভয়ানক পরিস্থিতি সাক্ষী থাকল সাধারণ মানুষ। আশঙ্কা করা হচ্ছে আজ, একদিনে মুম্বইতে গোটা বর্ষাকালের মোট বৃষ্টিপাতের ৮ থেকে ১০ শতাংশ হতে পারে। আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারীর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে লাল সতর্কতা। 

Advertisement

পাশাপাশি অনুমান করা হচ্ছে, বৃষ্টির পরিমাণ ২৫০ থেকে ৩০০ মিলিমিটারের মধ্যে পৌঁছতে পারে। এই প্রবল বৃষ্টির জেরে আন্ধেরি থেকে দাদর, নবি মুম্বই সহ বাণিজ্য নগরীর বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় রয়েছে। জলমগ্ন থাকায় বেশ কয়েক জায়গায় ব্যাহত ট্রেন পরিষেবা।
সূত্র মারফত জানা গিয়েছে, শহরের পশ্চিমাঞ্চলে বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকায় ১৩২.৪ মিমি এবং বোরিভালি এলাকায় ১২৬ মিমি বৃষ্টি হয়েছে। এছাড়া দিন্দোশি ফায়ার স্টেশন এলাকায় ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বহু এলাকার রাস্তা নদীর চেহারা নিয়েছে। এছাড়াও থানে, পালঘর, রায়গড় ও মহারাষ্ট্রের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন। বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টির কারণে বলিউড নগরীর রাস্তায় যানজট দেখা দিয়েছে। ভারী বৃষ্টির জেরে দৃশ্যমানতাও অনেক কমে গিয়েছে, ফলে অফিসযাত্রীদের ভোগান্তি বেড়েছে। আগামী কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি চলতে পারে, তাই জল জমা, গাছ ভেঙে পড়া এবং তীব্র যানজটের আশঙ্কায় সতর্ক রয়েছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ