Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়ানজুলিতে উল্টে যাওয়া এলপিজি ট্যাঙ্কার উদ্ধার, গ্যাস লিকেজে আতঙ্কিত স্থানীয়রা

অবশেষে উদ্ধার হল উল্টে যাওয়া এলপিজি বোঝাই বিশাল ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কার হলদিয়া ফিরিয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় বের করে নেওয়া হল এলপিজি গ্যাস।

নয়ানজুলিতে উল্টে যাওয়া এলপিজি  ট্যাঙ্কার উদ্ধার, গ্যাস লিকেজে আতঙ্কিত স্থানীয়রা
  • ২১ জুলাই, ২০২৬ ২১:৪১
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: অবশেষে উদ্ধার হল উল্টে যাওয়া এলপিজি বোঝাই বিশাল ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কার হলদিয়া ফিরিয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় বের করে নেওয়া হল এলপিজি গ্যাস। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন মহিষাদলের স্থানীয় বাসিন্দারা। আজ, মঙ্গলবার মহিষাদলের কাপাসএড়িয়া সংলগ্ন রাজরামপুর সংলগ্ন ১১৬ নম্বর জাতীয় সড়কে ওই গ্যাসবোঝাই ট্যাঙ্কারটি উল্টে যায়। বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গিয়েছিল ট্যাঙ্কারটি। এদিন ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে যান ঘটনাস্থলে। উল্টে যাওয়ার পরই এলপিজির ঝাঁঝালো গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে। বৃষ্টির কারণে বাতাস ভারী হয়ে থাকায় আরও তীব্র হয় গন্ধ। 

Advertisement

স্থানীয়রা জানান, ট্যাঙ্কার থেকে গ্যাস বেরনোয় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়েই অকুস্থলে পুলিশ ও দমকল পৌঁছয়। জানা যায়, ট্যাঙ্কারের প্রেসার গেজ ফেটে গিয়ে গ্যাস লিকেজ হচ্ছিল। একটি রাষ্ট্রায়ত্ব সংস্থার ওই ট্যাঙ্কারে এলপিজি বোঝাই করে তা রাজ্যের অন্য স্থানে পাঠানো হচ্ছিল সিলিন্ডারে ফিলিংয়ের জন্য। মাঝপথে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সংস্থার ইঞ্জিনিয়াররাও। এলাকায় আগুন জ্বালাতে নিষেধ করে পুলিশ। ইঞ্জিনিয়াররা গিয়ে প্রথমেই লিকেজ বন্ধ করেন। এরপর বিশাল আকারের দু'টি ক্রেন নিয়ে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর নাগাদ ট্যাঙ্কারটি উদ্ধার করে। এরপর সেটি ওই সংস্থার হলদিয়া টার্মিনালে এনে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার থেকে এলপিজি বের করে নেওয়া হয়। ওই ট্যাঙ্কারে প্রায় ২২টন এলপিজি ভর্তি ছিল বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ