Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগানকে হারানোর হুংকার দিলেন রামিরেজ

জেটল্যাগ কাটার আগেই বুধবার বল পায়ে ইস্ট বেঙ্গল অনুশীলনে নেমে পড়লেন নবাগত বিদেশি দানি রামিরেজ।

মোহন বাগানকে হারানোর হুংকার দিলেন রামিরেজ
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাকভোরে শহরে পা রেখেছিলেন। চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবে জেটল্যাগ কাটার আগেই বুধবার বল পায়ে ইস্ট বেঙ্গল অনুশীলনে নেমে পড়লেন নবাগত বিদেশি দানি রামিরেজ। আর প্রথমদিনেই তাঁর গলায় শোনা গেল ডার্বি জয়ের হুংকার। আগামী শনিবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানের মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবারই অনুশীলনে যোগ দিয়েছেন কোচ আন্তোনও লোপেজ হাবাস। এবার রামিরেজের উপস্থিতি দলের ভারসাম্য অনেকটাই বাড়াল।

Advertisement

আইএসএলে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। তবে নতুন মরশুমে দলের বিনিয়োগকারী সংস্থা ইমামি সরে যেতেই দল ছাড়েন কোচ অস্কার ব্রুজোঁ সহ একাধিক বিদেশি। অবশ্য ভারতীয় স্কোয়াডের সিংহভাগ ফুটবলারকে ধরে রাখতে সক্ষম ক্লাব কর্তারা। এছাড়া নতুন মরশুমে দলের সঙ্গে যোগ দিয়েছেন দানিশ ফারুখ, রোহিত দানু, হার্দিক ভাট, মতো স্বদেশী ফুটবলার। তাই ডার্বির আগে আপাতত দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে আসাই চ্যালেঞ্জ কোচ হাবাসের। প্রথমদিন মূলত ফুটবলারদের ফিটনেসের উপর জোর দিয়েছিলেন তিনি। আর বুধবার আনোয়ার, লালচুংনুঙ্গাদের নিয়ে দীর্ঘক্ষণ রক্ষণ সংগঠনে জোর দেন স্প্যানিশ কোচ। এরপর ম্যাচ অনুশীলনের সময় উইং থেকে দ্রুত আক্রমণ শানানোর পাশাপাশি ফুটবলারদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টাও করেন তিনি। আসলে দীর্ঘদিন মোহন বাগানের সঙ্গে যুক্ত থাকায় বিপক্ষের শক্তি ও দুর্বলতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হাবাস। এবার ইস্ট বেঙ্গলের কোচ হিসাবে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। তাঁর কথায়, ‘কলকাতা আমার দ্বিতীয় বাড়ি। ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আপ্লুত। সামনে একাধিক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে।’ উল্লেখ্য, চোটের কারণে বড়ো ম্যাচে অনিশ্চিত বরিস সিং।
বুধবার রামিরেজ শুরুতে সাইড লাইনে কাটালেন। শৌভিক-বরিস সিংয়ের সঙ্গেই আলাদা ট্রেনিং করলেন। সবশেষে বল পায়ে সিচুয়েশন প্র্যাকটিসে যোগ দেন স্প্যানিশ মিডিও। কোচ চাইলে বড়ো ম্যাচে নামতে তৈরি তিনি। বললেন, ‘কলকাতা ডার্বি সম্পর্কেও ওয়াকিবহাল। মোহন বাগানকে হারানোর চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না।’
এদিকে, ৪ সেপ্টেম্বর আইএসএল শুরু হওয়ার কথা থাকলেও, আপাতত তা হচ্ছে না। আসলে নতুন মরশুমে আর্থিক সমস্যায় জর্জরিত বেশ কিছু ক্লাব। ইন্টার কাশী ও জামদেশপুর এখনও লিগে খেলার জন্য দেড় কোটি টাকা জমা দিতে পারেনি। ৩১ জুলাই পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। তাই আপাতত সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরের প্রথম সপ্তাহে আইএসএল শুরু করার ভাবনায় ফেডারেশন।

Advertisement
সম্পর্কিত সংবাদ