Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যে রেজাল্ট, আগামী বছর থেকে কম্পিউটার বেসড পরীক্ষা

২০ জুলাইয়ের আগেই প্রকাশ হবে মেডিকেলের প্রবেশিকা নিট (ইউজি)র রেজাল্ট। প্রথমবার প্রশ্নফাঁসের পর ২১ জুন নতুন করে নেওয়া হয়েছে পরীক্ষা।

২০ জুলাইয়ের মধ্যে রেজাল্ট, আগামী বছর থেকে কম্পিউটার বেসড পরীক্ষা
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০ জুলাইয়ের আগেই প্রকাশ হবে মেডিকেলের প্রবেশিকা নিট (ইউজি)র রেজাল্ট। প্রথমবার প্রশ্নফাঁসের পর ২১ জুন নতুন করে নেওয়া হয়েছে পরীক্ষা। তাতে প্রশ্নফাঁসের অভিযোগ নেই। যদিও ভবিষ্যতে যে আর কোনোদিন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটবে না, তার নিশ্চিত গ্যারান্টি দিতে পারল পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। বুধবার শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির সামনে এ ব্যাপারে তাই প্রশ্নের মুখেও পড়তে হল এনটিএ’কে। এদিনের বৈঠকে এনটিএ’র চেয়ারম্যান প্রদীপ কুমার যোশি, ডিজি অভিষেক সিংকে ডাকা হয়েছিল। বিশেষ আমন্ত্রণে এসেছিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান তথা এনটিএ’র সংস্কার সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ড. কে রাধাকৃষ্ণান। বিশেষ সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মুকুল ওয়াসনিকের সভাপতিত্বে এদিন কমিটির বৈঠকে এনটিএ’র প্রশ্ন ফাঁস ইস্যুতে সরব হন বিজেপির রবিশঙ্কর প্রসাদ, সমাজবাদী পার্টির জিয়াউর রহমান। গত ২১ জুনের পরীক্ষা গ্রহণ ভালো হওয়ায় এনটিএ’কে সকলেই সাধুবাদ দিলেও কী করে প্রশ্ন ফাঁস হয়েছিল, কেন এমন হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলেন সাংসদরা। এনটিএ’র ডিজিকে এও বলা হয়, প্রশ্নফাঁসের জেরে পরীক্ষার্থীদের যে মানসিক চাপের মুখে পড়তে হয়েছে, তার দায় কে নেবে? বৈঠকে এনটিএ’র পক্ষ থেকে প্রশ্ন ফাঁসের ঘটনার শিক্ষা নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানানো হয়। এবং আগামী বছর থেকে পেন অ্যান্ড পেপারের পরিবর্তে নিট সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে বলেই নিশ্চিত করেছে এনটিএ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ