Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটি হিট করানোর কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই

হাসপাতালের ষড়যন্ত্র রুখতে গিয়ে বিয়ের রাতেই খুন হয় তরুণী চিকিৎসক। মৃত্যুর প্রতিশোধ নিতে আসরে নামে তার যমজ বোন। এভাবেই এগবে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘তিলোত্তমা’র গল্প।

জুটি হিট করানোর  কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 হাসপাতালের ষড়যন্ত্র রুখতে গিয়ে বিয়ের রাতেই খুন হয় তরুণী চিকিৎসক। মৃত্যুর প্রতিশোধ নিতে আসরে নামে তার যমজ বোন। এভাবেই এগবে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘তিলোত্তমা’র গল্প। মুখ্য ভূমিকায় অভিনেত্রী সুস্মিতা দে। যমজ বোনের গল্প পর্দায় আগেও দেখেছেন দর্শক। এই ধারাবাহিক কতখানি আলাদা। নায়িকার ব্যাখ্যা, ‘অনেক সময় দেখা যায়, দুই বোনের মধ্যে একজন নেগেটিভ। এখানে এক বোনের মৃত্যুর প্রতিশোধ নেবে অপরজন।’ সুস্মিতার আগের ধারাবাহিক ‘কথা’ সাড়া ফেলেছিল দর্শকমহলে। নতুন ধারাবাহিক শুরুর আগে প্রত্যাশার চাপ কতখানি ভাবাচ্ছে? ‘টেনশন তো সবসময়ই হয়। দর্শক কীভাবে নেবেন, সেটা ভাবি। ‘কথা’র পর আমার থেকে দর্শকের প্রত্যাশ্যা বেড়েছে। আর এবার ডাবল রোল। তাই পরিশ্রমও বেশি করছি। পাশাপাশি ব্যালে ডান্স ফর্ম প্র্যাকটিস করতে হচ্ছে। এবার পুরোটা দর্শকের হাতে।’ সুস্মিতার বিপরীতে কাজ করছেন নবাগত সৌম্যদীপ দত্ত। নতুন নায়কের সঙ্গে কাজ কি বাড়তি চাপের? সুস্মিতা বললেন, ‘আমরা সবাই তো একদিন নতুন ছিলাম। তাই চাপ একদমই হচ্ছে না। সৌম্যদীপের সঙ্গে আমার খুব বেশি শ্যুট হয়নি। ও নিজের মতো করে চেষ্টা করছে। বাকি আমাদের টিম, পরিচালক রয়েছেন। সকলে মিলেই ওকে সাহায্য করছেন।’ ‘কথা’ ধারাবাহিকে সাহেব ভট্টাচার্যের সঙ্গে সুস্মিতার জুটি প্রশংসিত। এবারের জুটিও কি তেমন সাফল্য পাবে? ‘আমার মনে হয় না, জুটি কোনো ফর্মুলা দিয়ে হিট করানো যায়। দর্শকের ভালোবাসায় সেটা হয়। দু’জনে মিলে চেষ্টা করব যাতে প্রতিটি পর্ব মানুষের মন জয় করে’, বললেন সুস্মিতা। সদ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে টিআরপি। সাপ্তাহিক মার্কশিট না আসা কি চিন্তায় রাখছে সুস্মিতাকে? অভিনেত্রীর জানালেন, টিআরপি যে তাঁকে খুব ভাবায়, তা নয়। তবে পরীক্ষার পর রেজাল্ট বন্ধ হয়ে গেলে যেমন লাগে, তেমনই মনে হচ্ছে। ছাদ থেকে ঝাঁপ থেকে অ্যাকশন— প্রমোতে একাধিক ঝুঁকিপূর্ণ দৃশ্য দেখা গিয়েছে। সেটে নিরাপত্তা ব্যবস্থা কেমন? সুস্মিতার কথায়, ‘সতর্ক হয়েই কাজ করছেন সকলে। নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হচ্ছে না।’ অত্যন্ত কম সময়ে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া সাম্প্রতিক ট্রেন্ড, তা ভাবায় সুস্মিতাকে? বললেন, ‘না। আমাদের ইন্ডাস্ট্রি তো এভাবেই চলে। এটা জেনেই তো এই পেশায় আসা। নিজের সেরাটা দিয়ে কাজ করলেই মানুষ ধারাবাহিক পছন্দ করবেনই।’ ধারাবাহিকের পাশাপাশি ওটিটি, মঞ্চেও কাজ করছেন সুস্মিতা। ভবিষ্যতেও থিয়েটার করার ইচ্ছা রয়েছে বলে জানালেন অভিনেত্রী। সহঅভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন কি সত্যি? হেসে নায়িকার উত্তর, ‘আমাদের ভীষণ ভালো একটা সম্পর্ক রয়েছে। সেটা প্রেমের কি না, বলতে পারব না। আমাদের বন্ধুত্ব খুবই ভালো, বাকিটা এবার সময় বলবে।’  

Advertisement

শান্তনু দত্ত 

Advertisement
সম্পর্কিত সংবাদ