সংবাদদাতা, বোলপুর : এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহিরি পূর্বপাড়া গ্রামে। মৃতের নাম হাবল লোহার (৪৮)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে একদল দুষ্কৃতী হাবল লোহারের বাড়িতে চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে। তার জেরে গুরুতর জখম হয় ওই যুবক। এরপর অতিরিক্ত জখমের জেরে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মৃতের পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা গ্রামেরই কয়েকজন যুবক, যারা নিজেদের বিজেপি কর্মী সমর্থক হিসেবে পরিচয় দিত। এদিন হামলাকারীদের হাতে লাঠি, লোহার রডের পাশাপাশি ধারালো অস্ত্রও ছিল বলে অভিযোগ।
পরিবারের আরও দাবি, শুধু হাবল লোহারের বাড়িতেই নয়, তাঁর বাড়ির আশপাশের একাধিক বাড়িতেও হামলা চালানো হয়। এই হামলার ঘটনাগুলির জেরে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, হাবল লোহার দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক কারণেই তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে তাঁদের দাবি।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠান তাঁরা। সেই সঙ্গে ঘটনাটি নিয়ে খতিয়ে দেখছে তদন্তকারী দল।