Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিবি জি রাম জি: নির্মাণ কাজে জোর দিতে পরামর্শ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে

বর্ষার জন্য পুকুর বা মাটি কাটার কাজ করার মতো পরিস্থিতি নেই। অনেক জায়গাতেই এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল।

ভিবি জি রাম জি: নির্মাণ কাজে জোর দিতে পরামর্শ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বর্ষার জন্য পুকুর বা মাটি কাটার কাজ করার মতো পরিস্থিতি নেই। অনেক জায়গাতেই এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে জল জমে যাওয়ার কারণে কাজ করা যাচ্ছে না। তাই এই সময় কংক্রিটের কাজের উপর জোর দিতে পরামর্শ দিয়েছে পঞ্চায়েত দপ্তর। ভি বি জি রামজি প্রকল্প বাস্তবায়িত করতে শনিবার জেলা প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। সেখানে সবক’টি ব্লককে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি থেকে শুরু করে সোকপিট, রাস্তা তৈরি প্রভৃতি কাজের উপর বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। রাজ্যে এই সময় বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি হচ্ছে। তার জন্য কাজ ব্যাহত হতে পারে। সে কথা মাথায় রেখেই অন্য ধরনের নির্মাণ কাজের উপর আপাতত জোর দিতে বলা হয়েছে। এদিনের আলোচনাসভায় দপ্তরের সচিব পি উলগনাথন জানান, এই প্রকল্প করতে যেন কোনোরকম অনিয়ম না হয়। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি কাজ যেন চার থেকে পাঁচবছর টেঁকসই হয়। বৈঠক সূত্রে জানা গিয়েছে, জেলার একাধিক ব্লকের বেশ কিছু পঞ্চায়েত এই প্রকল্পের অধীনে কী কাজ করা হবে তা ঠিক করেনি। তাই তাদের দ্রুত পরিকল্পনা স্থির করে সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় মথুরাপুর ২-এর ডায়মন্ড হারবার ১, ক্যানিং ২-এর মত ব্লক রয়েছে বলে খবর। দুর্নীতির অভিযোগে কোর্টের নির্দেশে ১০০ দিনের কাজ এই জেলায় বন্ধ ছিল। এই নয়া প্রকল্পে যাতে এমন কিছু না হয় তার জন্য সতর্ক করা হয়েছে প্রত্যেক আধিকারিককে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ