Bartaman Logo
২ আগস্ট, ২০২৬

এনডিএতে যোগদান নাকি কংগ্রেসেই ফিরবেন শারদ? জল্পনা ওড়ালেন কন্যা সুপ্রিয়া

শারদ পাওয়ারের এনসিপি (এসপি)-কে নিয়ে জোড়া জল্পনায় উত্তাল মহারাষ্ট্র রাজনীতি। কেউ বলছেন, শিবির বদলে এনডিএ-তে ভিড়তে চলেছেন ‘মারাঠা স্ট্রংম্যান’।

এনডিএতে যোগদান নাকি কংগ্রেসেই ফিরবেন শারদ? জল্পনা ওড়ালেন কন্যা সুপ্রিয়া
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে, মুম্বই ও নয়াদিল্লি: শারদ পাওয়ারের এনসিপি (এসপি)-কে নিয়ে জোড়া জল্পনায় উত্তাল মহারাষ্ট্র রাজনীতি। কেউ বলছেন, শিবির বদলে এনডিএ-তে ভিড়তে চলেছেন ‘মারাঠা স্ট্রংম্যান’। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবার কারও মতে, কংগ্রেসে ‘ঘর ওয়াপসি’ হচ্ছে তাঁর। পাওয়ার সাহেব নিজের দলকে মিশিয়ে দিতে চলেছেন হাত শিবিরেই। বুধবার মহারাষ্ট্র বিধানসভায় উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা একনাথ সিন্ধের সঙ্গে বৈঠক করেন শারদ। তারপর থেকেই তাঁর এনডিএ-তে যোগদানের জল্পনা গতি পেয়েছে। সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চ্যবনের একটি আবেদন ঘিরে একইরকম জল্পনা ছড়ায়। তাঁর আরজি ছিল, কংগ্রেস ভেঙে তৈরি হওয়া আঞ্চলিক দলগুলির ফের হাত শিবিরে মিশে যাওয়ার সময় এসেছে। যদিও শারদ-কন্যা সুপ্রিয়া সুলে শুক্রবার দুই জল্পনাই উড়িয়ে দিয়েছেন। একনাথ সিন্ধের সঙ্গে শারদের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, এনিয়ে ‘চায়ের পেয়ালায় তুফান’ একটু বেশিই উঠেছে। তবে সিন্ধে-শারদের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়েছে মাত্র। এর বাইরে আর কিছুই নয়। একইসঙ্গে সুপ্রিয়া এদিন কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনাও খারিজ করে দিয়েছেন। বারামতীর সাংসদ তথা এনসিপি (এসপি)-র কার্যকরী সভানেত্রীর সাফ বক্তব্য, এবিষয়ে দুই দলের মধ্যে কোনো প্রস্তাব চালাচালি হয়নি। দুই দলের মিশে যাওয়া নিয়ে কোনো আলোচনাও হয়নি।

Advertisement

শিবির বদলে এনডিএ-তে যোগদানের জল্পনা খারিজ করে শারদ-কন্যা আরও বলেছেন, ‘দলের আট সাংসদের সঙ্গেই আমার অনবরত যোগাযোগ রয়েছে। আমরা ঐক্যবদ্ধ।’ ঘটনাচক্রে, বিপক্ষ শিবিরের নেতা সিন্ধের সঙ্গে শারদ পাওয়ারের ওই সাক্ষাৎ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন জোটসঙ্গী উদ্ধবপন্থী শিবসেনা (ইউবিটি)-র নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। সুর চড়িয়ে বলেছেন, ‘একনাথ সিন্ধে একজন বিশ্বাসঘাতক। তাঁর সঙ্গে সাক্ষাতের ফলে শারদ পাওয়ারের বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবে। ওই ঘটনা সব শরিক দলকেই আঘাত দিয়েছে। একনাথ সিন্ধের সংসর্গ এড়িয়ে চলা উচিত সব শরিক দলেরই।’ যদিও সুপ্রিয়া সুলে এদিন জানান, সঞ্জয় রাউতের সঙ্গে কথা হয়েছে। নিছক ভুল বোঝাবুঝি হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ